আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের জয়পুরে সম্পত্তি ও সরকারি চাকরির লোভে মাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আয়ুষি শর্মা নামে ওই তরুণী মাকে হত্যার জন্য এক ভাড়াটে খুনিকে সাত লক্ষ টাকা সুপারি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি জয়পুরের এয়ারপোর্ট কলোনির। পুলিশ সূত্রে জানা যায়, আয়ুষির বাবা বিজয় শর্মা সরকারি চাকরিজীবী ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী নীরজ শর্মা সেই চাকরি পান। অভিযোগ, বাবার চাকরি না পাওয়ায় আয়ুষির মধ্যে ক্ষোভ তৈরি হয়। পাশাপাশি মায়ের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির দখল নেওয়ার পরিকল্পনাও করেন তিনি।
পুলিশের দাবি, আয়ুষি প্রথমে বিষয়টি তার কাকা ও খুড়তুতো ভাই বলরামকে জানান। অভিযোগ, মাকে সরিয়ে দেওয়ার বিনিময়ে সম্পত্তির একটি অংশ দেওয়ার প্রস্তাব দেন তিনি। এরপর নীরজকে হত্যার পরিকল্পনা করা হয়।
তদন্তে জানা যায়, নীরজ প্রতিদিন হেঁটে বাড়ি ফিরতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে গাড়িচাপা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়, যাতে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হয়। অভিযোগ, হরিয়ানা থেকে এক ভাড়াটে খুনিকে এনে ৪ জুলাই নীরজকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর আয়ুষি পরিবারের সদস্যদের ফোন করে দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে বলে জানান। তবে নীরজের এক আত্মীয়ের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা।
পুলিশের দাবি, ফুটেজে আয়ুষির উপস্থিতিও দেখা যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার
জা.অর্থনীতি/এসআই