মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার আখুয়া গ্রামে বন্যার পানিতে ডুবে আছব আলী ওরফে আছই মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বন্যার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে পুরো এলাকা প্লাবিত হওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে আকস্মিক ঢলে বন্যার পানি দ্রুত বেড়ে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। এ সময় আছব আলী নিরাপদ স্থানে সরে যেতে না পারায় পানির তীব্র স্রোতে তলিয়ে যান। পরে শুক্রবার একই গ্রামের একটি রিং বাঁধের পাশে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে পুলিশে খবর দেয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।"
এই মর্মান্তিক ঘটনায় আখুয়া গ্রামসহ আশপাশের এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে বন্যার কারণে আখুয়া ও আশপাশের নিম্নাঞ্চলের বহু ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে এবং বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। —জা. অর্থনীতি/এলএটি
