বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ২৮ কোটি টাকা
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের যোগাযোগ ও কৃষি ব্যবস্থা। জেলায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের কোথাও কোথাও ভাঙন দেখা দিয়েছে, আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত এবং পুনঃনির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন হবে। তবে এখনো পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। কারণ জেলার বিভিন্ন জায়গায় সড়কের ওপর এখনো পানি রয়েছে।

স্থানীয়রা বলেন, ধলাই নদীর ভাঙনে আদমপুর-ইসলামপুর সড়কের বেহাল অবস্থা। বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে। অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, এখন পর্যন্ত সড়কের যে ক্ষতি হয়েছে তা মেরামতে অন্তত ২৮ কোটি টাকা লাগবে। তবে পুরো ক্ষয়ক্ষতির চিত্র জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কৃষি খাতও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৩৮ হাজার ৫৩০ হেক্টর জমিতে আউশ আবাদ করা হয়। এর মধ্যে বন্যায় প্রায় ২৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ৩ হাজার ৭৯ হেক্টর আমনের বীজতলার মধ্যে ৮৬ হেক্টর এবং ২৩৬ হেক্টর সবজির মধ্যে ৬৫ হেক্টর জমি প্লাবিত হয়েছে। বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত সড়ক ও ফসলের কারণে দুশ্চিন্তায় রয়েছেন জেলার কৃষক ও সাধারণ মানুষ। দ্রুত সড়ক মেরামত ও কৃষকদের প্রণোদনার দাবি জানিয়েছেন তারা।

—জা. অর্থনীতি/এলএটি