ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তেই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই ঘটনাস্থলেই প্রাণ হারান। জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তার ছেলে নিমাই (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুর খবরে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
একসঙ্গে বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
—জা. অর্থনীতি/এলএটি