লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান।

মঙ্গলবার ১৪ জুলাই দুপুরে এই অভিযানে নানা অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর একটি প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

আদালত সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা শহর এলাকার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে লাইসেন্স না থাকার দায়ে পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনের চেয়ে অতিরিক্ত শয্যা (বেড) রাখায় সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা, লাইসেন্স ও বাণিজ্যিক বিদ্যুৎ মিটার না থাকায় আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালীন রয়েল মেডিক্যাল সার্ভিসেস নামের আরেকটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যান।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনগণের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান চলমান থাকবে।’


—জা. অর্থনীতি/এলএটি