স্বামীকে হত্যা করে পাশে বসে ফোন দেখছিলেন স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটকের ধারওয়াড়ে এক চিকিৎসককে হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় দম্পতির আট বছর বয়সী সন্তানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত চিকিৎসক কিরণ হোনান্নাভার স্ত্রী প্রিয়ঙ্কা ও একমাত্র সন্তানকে নিয়ে ধারওয়াড়ের একটি আবাসনে বসবাস করতেন। মঙ্গলবার রাত ও বুধবার সকালে কিরণের এক আত্মীয় ফোন করলে প্রিয়ঙ্কা জানান, কিরণ কাজে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারছেন না।

বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ফ্ল্যাটে গিয়ে কিরণের রক্তাক্ত মরদেহ বিছানায় এবং তাদের সন্তানকে মেঝেতে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। অভিযোগ, ওই সময় প্রিয়ঙ্কা বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিরণের মরদেহ উদ্ধার করে এবং আহত শিশুকে হাসপাতালে পাঠায়। পরে প্রিয়ঙ্কাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণ এই ঘটনার পেছনে রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে সন্তানের ওপর হামলার কারণও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জা.অর্থনীতি/এসআই