সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুচোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিচিত করেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

এসআই নিজাম উদ্দিন বলেন, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে (আলম শেখ) ‘শিশুচোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনরা আলম শেখের কাছে তার হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের তারা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনে-হিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে আলম শেখের মৃত্যু হয় বলে জানান নিজাম উদ্দিন।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আলম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তার পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ।

পরিবার জানিয়েছে, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ও স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। আলম শেখের মরদেহ নিতে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে