পাবনা প্রতিনিধি: পাবনার গাছপাড়া এলাকায় চুরির অভিযোগে সুমন (৩০) নামে এক রিকশাচালককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন গাছপাড়া গ্রামের রবি হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় সুমনকে তার বাড়ির সামনের একটি দোকানের কাছে ফেলে যান। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাসায় নেন। শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি জানান, কয়েক দিন আগে বিলভাদুড়ি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে সুমনকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের পরিচয় পুলিশ শনাক্ত করেছে এবং তাদের আটকের জন্য অভিযান চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি