রাজনগরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ
ছবি সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে  ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী অন্তর দাস (৭) উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের সুধন দাসের ছেলে।

রোববার (২৫ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে গ্রামের কচুক্ষেত থেকে কচুর লতি তোলার জন্য সে বের হয়। এ সময় একই গ্রামের বাসিন্দা হুমামিন (৩৫) লতি তোলার কথা বলে তাকে কওছর মিয়ার ফিশারি সংলগ্ন কচুক্ষেতে নিয়ে যায়।

পরে সেখানে হুমামিন শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে বলাৎকার করে। ঘটনার পর অভিযুক্ত শিশুটিকে হুমকি দিয়ে বলে, কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলবে।

এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

রাত সাড়ে ৯টার দিকে শিশুটির মা তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ভিকটিমকে যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসার জন্য হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা বলেন, একটি ৭ বছরের শিশুর ওপর এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাবি করছি, প্রশাসন যেন দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে এবং ভিকটিম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে।

—জা. অর্থনীতি/এনজে