আবারও পরীমনির কাছে হার সাকিবের

বিনোদন ডেস্ক: দেশের দুই অঙ্গনের দুই তারকা সাকিব আল হাসান ও চিত্রনায়িকা পরীমনি। দুইজন দুই ভুবনের হলেও সময়ে অসময়ে হয়েছেন খবরের শিরোনাম। এদিকে, সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ফেসবুক অনুসারীর সংখ্যাতেও অনেক বছর ধরে তাঁর অবস্থান ছিল সবার ওপরে। তবে এবার সেই জায়গায় নতুন করে যুক্ত হলো চিত্রনায়িকা পরীমনির নাম। বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে, সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে, দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় এখন সবচেয়ে এগিয়ে পরীমনি। 

সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। আর সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে। দুই তারকার মধ্যে ব্যবধানটা ১০ লাখের। 

এর মধ্য দিয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন পরীমনির দখলে। গত বছরও দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে কিছু সময়ের জন্য আবার এগিয়ে যান সাকিব। তবে সর্বশেষ পরিসংখ্যানে পরীমনি এক মিলিয়ন অনুসারীর ব্যবধানে এগিয়ে গেছেন। 

ফেসবুক কার্যক্রমেও রয়েছে পার্থক্য। সাকিবের পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এ ছাড়া, রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের পেজ। 

অন্যদিকে, পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তার তালিকায় আছেন লিওনেল মেসির পাশাপাশি শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান ও টেলর সুইফটসহ দেশি-বিদেশি বহু তারকা। 

উল্লেখ্য, পরীমনি বর্তমানে নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিভিন্ন ঘটনাতেও আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান। 

—জা. অর্থনীতি/এনএ