কার্ড থেকে এমএফএসে 'অ্যাড মানি' নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে 'অ্যাড মানি' সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা আরও পাঁচ মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকগুলো এ নির্দেশনা বাস্তবায়নের সুযোগ পাবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি-১) থেকে এ-সংক্রান্ত সার্কুলার লেটার নং-০৩/২০২৬ জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, গত ১৯ মে ২০২৬ জারি করা পিএসডি-১ সার্কুলার নং-০৩/২০২৬-এর ক্রমিক নম্বর ২ ও ৩-এ বর্ণিত নির্দেশনা বাস্তবায়নের নির্ধারিত সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্ডের মাধ্যমে এমএফএস ব্যক্তিগত হিসাবে 'অ্যাড মানি' করার সুবিধা বন্ধ করে দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পূর্বের সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

—জা.অর্থনীতি/আইবিএম