অনলাইন ডেস্ক: সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে দূরবৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী রেলস্টেশনের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাসিন্দা ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার বাসিন্দা লিটন মিয়া (৫০।
চলন্ত অবস্থায় জানালার কাঁচ ভেঙে ভেতরে আসা পাথরের আঘাতে প্রথমে লিটন মিয়ার মাথা ফেটে যায় এবং পরবর্তীতে সেটি ফাহিমের গলায় আঘাত হানে। ঘটনার পর আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আহত লিটন মিয়া বলেন, আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ব্যবসার কারণে ঢাকায় বেশি থাকা হয়। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লাগে, তারপর আরেকজনের গলায় লাগে। এমন পাথর নিক্ষেপ যেন না ঘটে, সে জন্য সচেতনতা ও সরকারের প্রচার বাড়াতে হবে বলে তিনি মনে করেন।
ট্রেনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ বলেন, ট্রেন ছাড়লে সবাইকে ট্রেনের জানালা বন্ধ রাখার জন্য বলা হয়, কিন্তু যাত্রীরা গরমের কথা বলে খোলা রাখে। খোলা রাখায় এই দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
—জা.অর্থনীতি/এএইচএ