ফরিদপুর প্রতিনিধি: দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুর উচ্চ বিদ্যালয় আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে।
উৎসবটি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে উৎসব উদযাপন পর্ষদ। একই সঙ্গে বিশেষ স্মারকগ্রন্থের জন্য প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্মৃতিচারণমূলক লেখা আহ্বানের অনুরোধ জানানো হয়েছে।
উৎসব উদযাপন পর্ষদ সূত্রে জানা গেছে, উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সকলকে আগামী ৩১ অক্টোবর (শনিবার)-এর মধ্যে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট (fhsbd.org)-এর মাধ্যমে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, প্রকাশিতব্য বিশেষ স্মারকগ্রন্থের জন্য বিদ্যালয়ের ইতিহাস, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অর্জন ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণমূলক লেখা পাঠানোর শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার)। আগ্রহীদের এ সময়ের মধ্যে অশোকেশ রায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ১৭৫ বছর পূর্তির মহোৎসব প্রাক্তন ও বর্তমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক স্মরণীয় মিলনমেলায় রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছে উৎসব উদযাপন কমিটি।
—জা. অর্থনীতি/এলএটি