মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপার ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সরাসরি নিচের ধামাই ছড়ায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা যোগ দেন। রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে ট্রাকটি থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।
—জা.অর্থনীতি/জেআরটি
