মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় হাসান আহমেদ (১৬) নামের এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে কুসুমবাগ এলাকার ‘সুমা ফুড’-এর সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত হাসানকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে সিলেটের ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তার গলায় ও মাথায় মারাত্মক জখম হওয়ায় অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রায়পুর গ্রামের সানি নামের এক তরুণের সঙ্গে হাসানের পূর্বশত্রুতা ছিল। এরই জের ধরে সানির নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং হাসানকে ঘিরে ধরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে সে মাটিতে লুটিয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি