হাসিনার সঙ্গে পৃথিবীর অন্য কোনো স্বৈরাচারের মিল নেই: রুহুল কবির রিজভী
ছবি: জাতীয় অর্থনীতি

গাজীপুর প্রতিনিধি: স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর অন্য কোনো একনায়কের তুলনা চলে না উল্লেখ করে বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “মুসোলিনি বা হিটলারেরও নিজস্ব দেশপ্রেম ছিল। তারা নিজ দেশকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। পক্ষান্তরে, শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পর্যন্ত বিক্রি করতে দ্বিধাবোধ করেননি।” বিপুল পরিমাণ অর্থ ঢেলে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও পতিত স্বৈরাচারকে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, জনগণের ওপর অত্যাচার চালিয়ে এবং পার্শ্ববর্তী দেশের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকার অন্ধ জেদই দেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। জনগণের সম্মিলিত শক্তির কাছে যে স্বৈরাচার টিকতে পারে না, তা ইতিহাস প্রমাণ করেছে।

বিগত ১৭ বছরের রাজনৈতিক ও শিক্ষাব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ভিন্নমত প্রকাশ বা চর্চার কোনো সুযোগ ছিল না। গত দেড় দশকে সুপরিকল্পিতভাবে শিক্ষার মান ও মেধা ধ্বংসের অপচেষ্টা করা হয়েছে। জিপিএ-৫ পাওয়ার সংস্কৃতি চালুর সমালোচনা করে যার যতটুকু মেধা, তার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাকে বর্তমানের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ আখ্যা দিয়ে রিজভী বলেন, “জুলাইয়ের চেতনা হলো হৃদয়ের বন্ধন। এই চেতনাকে ধারণ করে আমাদের বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে নতুন করে কোনো ফ্যাসিবাদের আগমন না ঘটে।” বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. লুৎফর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি