শ্রীমঙ্গলে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য ও অস্ত্র জব্দ
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে ৮৩০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য ও বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর অভিযানের অংশ হিসেবে এ মালামাল উদ্ধার করা হয়। 

সোমবার (১৭ আগস্ট) বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর সরাইলের পক্ষ থেকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির আয়োজনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১,২০৪ কিলোমিটার সীমান্তে ৪টি সেক্টরের অধীনে থাকা ১৩টি ইউনিটের মোট ২১১টি বিওপির মাধ্যমে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, মানবপাচারসহ যেকোনো ধরণের অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে ৪৬ বিজিবি।

অভিযানে উদ্ধারকৃত মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর চিত্র তুলে ধরে অধিনায়ক জানান, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৬টি এয়ার গান, ৫টি পাইপ গান, ১টি ওয়ান শুটার গান এবং ৪০ রাউন্ড কার্তুজ। এ ছাড়াও ১৮.৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে। সীমান্তে এই ধরনের চোরাচালান ও বেআইনি অস্ত্র প্রবেশ রোধের পাশাপাশি পরিবেশ রক্ষায় অবৈধ পাথর ও বালু জব্দ করার কাজও নিয়মিত করছে বিজিবি।

অধিনায়ক আরও উল্লেখ করেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৪৬ বিজিবির এই কঠোর ও আপসহীন অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি সাম্প্রতিক বন্যা পরিস্থিতির মতো যেকোনো দুর্যোগে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, খাদ্য সহায়তা প্রদানসহ নানাবিধ মানবিক কার্যক্রম সচল রাখা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি