কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমে লাইসেন্সবিহীন তেল বিক্রির আড়ালে মিয়ানমারে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রশাসনের এক অভিযানে কুতুবজোমের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় ৫টি ভাসমান ও ১টি স্থায়ী তেল বিক্রয়কেন্দ্র সিলগালা করার পর এই চোরাচালান চক্রের নেপথ্য নেটওয়ার্ক নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
স্থানীয়দের অভিযোগ, এসব অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে স্থানীয় নৌযানের কথা বলে তেল বিক্রির পাশাপাশি সিমেন্ট, আলু, পেঁয়াজ ও ভোজ্যতেল উপকূলীয় সাগরপথে মিয়ানমারে পাচার করা হয়। বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, অস্ত্র ও কারেন্ট জাল দেশে ঢুকছে।
অভিযানে ‘মেসার্স ওসাম ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা এবং ‘রাসেল এন্ড কোম্পানি’র মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি বন্ধ চারটিসহ মোট ৬টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
স্থানীয় পরিবেশ ও অধিকারকর্মীরা দাবি জানান, কেবল দোকান সিলগালা নয়; এসব তেলের উৎস, পরিবহনকারী নৌযান এবং পুরো চোরাচালান সিন্ডিকেটকে তদন্তের আওতায় আনতে হবে।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, মিয়ানমারে তেল পাচারের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পাচারকারী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
—জা. অর্থনীতি/এলএটি