ছেলেকে প্রকৌশলী বানাতে সর্বস্বান্ত,  অসুস্থ বাবার ঠাঁই হাসপাতালে
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: সন্তানকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) পড়িয়ে বড় প্রকৌশলী বানানোর স্বপ্নে নিজের ব্যবসা, গাড়ি, মোটরসাইকেলসহ সব সম্পদ বিক্রি করে দিয়েছিলেন বাবা। সন্তানের ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করতে গিয়ে ২০১৭ সালে স্ট্রোকেও আক্রান্ত হন তিনি। অথচ সেই বাবাকেই আজ হাসপাতালের বিছানায় একা ফেলে চলে গেছেন স্ত্রী ও সন্তান।

ঘটনাটি ঘটেছে কুলাউড়ার বরমচাল এলাকার জাবের আহমেদের জীবনে। অসুস্থ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার স্ত্রী ও সন্তান তাকে একা রেখে চলে যান বলে অভিযোগ উঠেছে।

কান্নাজড়িত কণ্ঠে জাবের আহমেদ বলেন, "আমার মতো ভুল কেউ করবেন না, অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না।" সন্তান ও পরিবারের জন্য জীবনের সব সম্বল বিলিয়ে দিয়েও শেষ বয়সে চরম অবহেলা ও নির্মমতার শিকার হওয়া এই বাবার করুণ পরিণতি গোটা এলাকার বিবেককে নাড়া দিয়েছে। বর্তমানে স্বজনহীন অবস্থায় হাসপাতালের বেডেই কাটছে তার চিকিৎসাধীন দিনগুলো। 

স্থানীয়রা বলছেন, ত্যাগের বিনিময়ে অবহেলা পাওয়া এই বাবার গল্প আমাদের সমাজের বিবেককে নাড়া দেয়।

বর্তমানে জাবের আহমেদ সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনদের খোঁজ না পেয়ে হাসপাতালের বেডেই কাটছে তার দিন।

—জা. অর্থনীতি/এলএটি