পে-স্কেলে সুখবরের আড়ালে বড় শর্ত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ পেতে যাচ্ছে নবম জাতীয় পে-স্কেলের গেজেট।

পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে এটি কার্যকর ধরে অক্টোবর মাসেই নতুন স্কেলে বেতন পাবেন সবাই। কিন্তু এই বিশাল সুখবরের পেছনে প্রধান শর্তটিই যুক্ত হয়েছে সরকারের আর্থিক সক্ষমতাকে কেন্দ্র করে।

অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির পর্যালোচনায় উঠে এসেছে, একযোগে বর্ধিত মূল বেতন ও সব ধরনের ভাতা প্রদান করা বর্তমান মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চরম চাপ সৃষ্টি করবে। ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পে-স্কেল কার্যকর হলেও সব সুবিধা একসঙ্গে চালু হবে না।

নতুন পে-স্কেলের অর্থ জোগাতে প্রয়োজনে ঋণ নেওয়া হবে

সুখবরের পেছনের প্রথম বড় শর্ত হলো—সুবিধা দেওয়া হবে ধাপে ধাপে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপে কেবল মূল বেতন কার্যকর করা হবে। শিক্ষা, চিকিৎসা বা বাড়িভাড়ার মতো অন্যান্য ভাতাগুলো পরে পর্যায়ক্রমে যোগ হবে।

দ্বিতীয় বড় শর্ত হলো সরকারের অর্থসংস্থান। পে-স্কেল বাস্তবায়নে অভ্যন্তরীণ রাজস্বের পাশাপাশি প্রয়োজনে বৈদেশিক বা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে। অর্থাৎ, নতুন কাঠামোটি টেকসই করতে ঋণ ব্যবস্থাপনাকে শর্ত হিসেবে রাখা হয়েছে, যেন অন্য কোনো উন্নয়নমূলক খাতে অর্থনৈতিক সংকট না তৈরি হয়।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বকেয়া পরিশোধের নিয়ম। নিয়ম অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বর্ধিত বেতন কর্মচারীদের বকেয়া হিসেবে পাওয়ার কথা। তবে সরকারের এককালীন বড় ধাক্কা সামলাতে এই বকেয়া অর্থ একবারে না দিয়ে কয়েক কিস্তিতে সমন্বয় করার শর্ত যুক্ত করা হয়েছে।

পে-স্কেল ঘিরে ভাইরাল রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আইনি ও প্রশাসনিক জটিলতা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হলেই কেবল গেজেটের চূড়ান্ত রূপ সামনে আসবে। এর আগে পর্যন্ত পুরনো কাঠামোতেই বেতন নিতে হবে।

এক কথায়, বেতন বাড়ছে ঠিকই, তবে তা ভোগ করতে হবে সরকারের বেঁধে দেওয়া শর্ত ও ধাপগুলো মেনে। সরকারের এই কৌশলী পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। 

—জা. অর্থনীতি/এনজে