চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
প্রকীতী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দেবীনগরে মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (১২)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, জুমার নামাজের সময় গ্রামের সবাই মসজিদে থাকায় শিশুরা অলক্ষ্যে পদ্মার শাখা হিসেবে পরিচিত ওই মরা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। বর্ষা ও বৃষ্টির কারণে শুকনা নদীটিতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গিয়ে নদী থেকে তাদের উদ্ধার করেন।

জুমার সময় সংঘটিত এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি