ট্রিপল মার্ডারের প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম দিল এলাকাবাসী
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেটের রায় নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহত মা-বাবার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ন্যায়বিচার দাবি করেছেন তাদের প্রবাসী কন্যারা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ প্রাঙ্গণে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নিহত দম্পতির দুই কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা। তারা অভিযোগ করেন, গত ১২ আগস্টের এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশের পক্ষ থেকে একেক সময় একেক রকম বক্তব্য দেওয়া হচ্ছে, যা তদন্ত প্রক্রিয়াকে বিতর্কিত ও সংশয়াচ্ছন্ন করে তুলছে। ঘটনার তিন সপ্তাহ অতিবাহিত হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এলাকাবাসী।

সভাপতি হেলাল চৌধুরী তার বক্তব্যে অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে তদন্তে ইতিবাচক অগ্রগতি ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে উপস্থিত বিশিষ্ট মুরব্বি ও স্থানীয় এলাকাবাসী।

—জা. অর্থনীতি/এলএটি