অনলাইন ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। বিদিশার আইনজীবী মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, বিদিশার কারাবাসের মেয়াদ পর্যাপ্ত না হওয়ায় আদালত তার জামিন আবেদন নাকচ করেছেন। বাদীপক্ষও একই কারণ দেখিয়ে জামিনের বিরোধিতা করে।
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে গুলশান থানায় করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলাটি ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন করেন। ওই বছরের ২২ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।
জা.অর্থনীতি/এসআই