ঈশ্বরদীতে যুবকের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৭) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল।

বুধবার (২ সেপ্টম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান আকিব ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আকিব। পরদিন বুধবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে পৌঁছান।

তথ্য চাওয়ায় সাংবাদিক লাঞ্ছিত, ভাঙা হলো ফোন

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাটোরের লালপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, আকিবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল।

তবে কারা এবং কী কারণে আকিবকে মারধর করেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

—জা. অর্থনীতি/এনজে