আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত এবং তিন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টার পর মিনিয়াপোলিস কনভেনশন সেন্টারের কাছে একটি বহুতল আবাসিক ভবনে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই কর্মকর্তারা গুলিবিদ্ধদের দেখতে পান।
পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে পরে আরও একজন মারা যান।
আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনজনই বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন বলে জানিয়েছে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টার।
সন্দেহভাজন বন্দুকধারী কীভাবে মারা গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলার উদ্দেশ্য এবং আহত অন্যদের শারীরিক অবস্থার বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
ঘটনার পর মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য কর্মকর্তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন।
একই দিনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ওয়েইনসবোরোর একটি প্রাথমিক বিদ্যালয়েও গুলির ঘটনা ঘটে। সেখানে ১৯ বছর বয়সী বন্দুকধারী এক কর্মীকে গুলি করে আহত করার পর আত্মহত্যা করে।
এর আগে রবিবার শিকাগো ও নিউ জার্সির ট্রেন্টনে পৃথক বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৮ জন আহত হন।
সূত্র: আল জাজিরা
জা.অর্থনীতি/এসআই