সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত অস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বোমা, লক্ষ্য নির্ধারণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় গাইডেন্স কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই অস্ত্র বিক্রির ফলে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা জোরদার এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে সহায়তা করবে।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর সদস্য নয়-এমন একটি প্রধান মিত্রের নিরাপত্তা জোরদারের মাধ্যমে এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও ভূমিকা রাখবে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে সৌদি আরবও হামলার শিকার হয়েছে। চলতি বছরের শুরুতে সংঘাত শুরুর পর ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে সৌদি আরবের কাছে বোমা ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে পররাষ্ট্র দপ্তর। তবে চূড়ান্তভাবে অস্ত্র বিক্রি কার্যকর করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন হবে।

সূত্র: এএফপি

জা.অর্থনীতি/এসআই