ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পোস্ট গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এইচএসসি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাউতলী সমাজ উন্নয়ন সংস্থার অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২০ জন শিক্ষার্থী সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল। তিনি প্রাইভেট ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং বোর্ড অব ট্রাস্টিজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকশিত হয়। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিরেক্টর মো. আনোয়ার হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহাররুল হুদা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসাসিয়শনের কার্যকরী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট অ্যাসোসিয়শন অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এইচ. এম. রায়হান উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ শামীম হোসেন।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, আকরাম হোসেন, আরিফ, রুবেল, রনি আহমেদ সাগরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
‘প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে নানামুখি পদক্ষেপ নেওয়া হয়েছে’
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা, নিষ্ঠা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ প্রদান এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে সম্মাননা গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের জন্য পোস্ট গ্রাজুয়েট অ্যাসোসিয়শনের অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
—জা.অর্থনীতি/এনজে