মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, ফুটপাত দখল ও অনিয়ন্ত্রিত পশু জবাই রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। অভিযানে অনিয়মের দায়ে সাত প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে এ তদারকি চালানো হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় পাঁচ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা এবং মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপর দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে অসাধু ব্যবসায়ীদের শাস্তির পাশাপাশি প্রথমিক সতর্কবার্তা দেওয়া হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার কড়া নির্দেশ প্রদান করা হয়। অভিযানে মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা ও বাজার পরিচালনা কমিটির প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, বাজারের সার্বিক স্থিতিশীলতা রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি