১২ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মোক্তার উদ্দিন (৫০) নামে এক প্রতিবেশী দাদাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন তিনি। পরবর্তীতে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে চিকিৎসকের পরীক্ষার মাধ্যমে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়ে ২০২০ সালের ২৬ মে পাটগ্রাম থানায় মোক্তার উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

আদালতের রায়ে জরিমানার দুই লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছেন।

—জা. অর্থনীতি/এলএটি