তিতাস নদীতে দেড় কোটি টাকার পণ্যবোঝাই নৌকাডুবি
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী একটি নৌকা ডুবে গেছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, জেলা শহরের জগৎবাজার থেকে চাল, ডাল, পেঁয়াজ ও চিনিসহ ব্যবসায়ীদের মালামাল নিয়ে নৌকাটি আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় তিতাস নদীতে তীব্র স্রোত থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সাথে সজোরে ধাক্কা খায়। এতে নৌকাটি কাত হয়ে নদীতে ডুবে যায় এবং সিংহভাগ মালামাল পানিতে তলিয়ে যায়।

আখাউড়া বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী জানান, নৌকায় স্থানীয় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের দেড় কোটি টাকারও বেশি মূল্যের মালামাল ছিল। ডুবে যাওয়া নৌকা ও নিমজ্জিত মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইউএনও জানান, খবর পেয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঘটনাটির সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি