ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক সবজি বিক্রেতা ও সামাজিক সংগঠকের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি দুই দুর্বৃত্তের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার বিবরণ দিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরহাদ। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। যন্ত্রণায় ছটফট করে নিজেকে বাঁচাতে ফরহাদ পাশের একটি জলাশয়ে লাফ দেন। তার আত্মচিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের দেওয়া বক্তব্য পুলিশ রেকর্ড করেছে। ফরহাদ পুলিশকে জানান, নির্জন স্থানে যাওয়ার পর পেছন থেকে আচমকা একজন তার শরীরে পেট্রোল ছিটিয়ে দেয় এবং সঙ্গে থাকা অপরজন আগুন ধরিয়ে দেয়। তবে অন্ধকারের কারণে তিনি ঘাতকদের চিনতে পারেননি।
ওসি আরও জানান, কিসের জেরে বা কোন শত্রুতার কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরসহ জড়িতদের গ্রেপ্তারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি