কাদায় রক্তের দাগ, পানের বরজে উদ্ধার বিবস্ত্র নারীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায় পানের বরজ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পূর্ব-দক্ষিণ ময়না গ্রামের একটি পানের বরজ থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন এবং কাদামাটিতে রক্তের দাগও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম রাধারানী অধিকারী (প্রায় ৪৭)। তিনি পূর্ব-দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, ওই মহিলা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

প্রতিদিনের মতো বুধবার সকালে স্থানীয় বাসিন্দা অরূপ জানা নিজের পানের বরজে গেলে সেখানে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেহটি দেখতে পান তিনি। বিষয়টি সঙ্গে সঙ্গে ময়না থানায় জানানো হয়। খবর পেয়ে ভারপ্রাপ্ত আধিকারিক অর্কদীপ হালদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতদেহটি বস্ত্রহীন অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কীভাবে ওই মহিলা পানের বরজে পৌঁছলেন এবং তাঁর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের সন্দেহ, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। যদিও পুলিশের তরফে এখনও মৃত্যুর কারণ বা ঘটনার প্রকৃতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। মৃতার পরিবারের সঙ্গে দেখা করেছেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম গুরু।

সূত্র: সংবাদ প্রতিদিন

জা.অর্থনীতি/এসআই