মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে।

বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে ৯ (নয়) জন দালালকে আটক করা হয়। দালালদের মধ্যে মো: মারুফ হোসেন, মো: আলী হোসেন ও আব্দুল কাইয়ুম এই তিন জনকে ৩০,০০০ টাকা অর্থদন্ড করা হয়  এবং বাকি ৬(ছয়) জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

এর মধ্যে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মো: রাজন মিয়া, সুমন শেখ ও  মহসিন আহমেদকে । দুইমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মো: ইমরান হোসেনকে। তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে জামাল হোসেন ও মো: সজীবকে।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএ-তে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

—জা.অর্থনীতি/জেআরটি