নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেণ্ডারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলি ও তিন পথচারী আহত হওয়ার ঘটনায় জড়িত 'অটো সজল' গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ অভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের লুণ্ঠিত একটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা: আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত ৩০ আগস্ট গেণ্ডারিয়ায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলিতে আশা আক্তার (২০), সিয়াম (১৮) ও চা-দোকানি আলমগীর (৩০) নামের তিন সাধারণ ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে র্যাব-১০ এর একটি দল সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্তে অভিযানে নামে।
অভিযানের ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট মীরহাজীরবাগ এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৮) ও মোহাম্মদ রমজান (১৯)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীন (৩৪) এবং গতকাল ৯ সেপ্টেম্বর রাতে মূল অভিযুক্ত শাহার হোসেন সৈকত (২৮) ও মোহাম্মদ মাহিম (১৮)-কে গ্রেপ্তার করা হয়। র্যাব নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই এলাকাভিত্তিক 'অটো সজল' গ্রুপের সদস্য।
গ্রেপ্তারকৃত শাহার হোসেন সৈকতের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে একটি ম্যাগাজিন গত ৫ আগস্টের পর পুলিশ স্টেশন থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্রের অংশ বলে শনাক্ত করেছে র্যাব।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঘটনায় অভিযুক্ত অন্য পক্ষ মনির বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার বা তার গ্রুপের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি—এমন অভিযোগ উঠেছে।
অবশ্য র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
—জা.অর্থনীতি/আরএস