‘আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন’
ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের মধ্যেই প্রধানমন্ত্রী এ মেগা প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন বলে ঘোষণা দেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর-বাহাদুরপুর এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদমন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের এক-তৃতীয়াংশ মানুষসহ মোট ২৪টি জেলার স্বপ্ন এই 'মাস্টারসাইন' প্রকল্প। এটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, মৎস্য চাষ ও বিদ্যুৎ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে (জিওবি) ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৭ বছর মেয়াদি এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কারিগরি সমীক্ষা সম্পন্ন করে প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ব-দ্বীপ কেন্দ্রিক পানিসম্পদ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছেন। নদী ও প্রকৃতি রক্ষায় দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন জোরদার করা হবে।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি