আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে ক্রমবর্ধমান বিঘ্ন এবং হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সরবরাহব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হতে পারে-এমন আশঙ্কায় শুক্রবারও ঊর্ধ্বমুখী ছিল অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্ক।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার ০০:৪৫ জিএমটিতে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ০৫ ডলার বা প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৫ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়ায়।
চলতি সপ্তাহের শেষ নাগাদ ব্রেন্ট ও ডব্লিউটিআই-উভয় তেলের দামই ১০০ ডলারের ওপরে অবস্থান করছে। ১০০ ডলারের এই সীমা দুই বেঞ্চমার্কই এর আগে সর্বশেষ মে মাসের মাঝামাঝি সময়ে অতিক্রম করেছিল।
বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় উত্থান দেখা যায়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই-দুটির দামই ৬ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একের পর এক হামলা ও জাহাজ চলাচলে বিঘ্ন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এরই প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ ঘাটতির আশঙ্কা বাড়ছে এবং তেলের বাজারে দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি হচ্ছে।
সূত্র: আল জাজিরা
জা.অর্থনীতি/এসআই