কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটির মা নিজ বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে অভিযুক্তের ৬ বছর বয়সী নাতি শিশুটিকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত বৃদ্ধ শিশুটিকে নিজের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালান। শিশুটির চিৎকার শুনে মা ও স্বজনেরা ছুটে এলে অভিযুক্ত ঘর থেকে সটকে পড়েন।
পরিবারের সদস্যরা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শুক্রবার শিশুটির মা বাদী হয়ে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-০৭) দায়ের করেন।
ওসি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও এলাকায় একাধিক শিশুর সাথে একই ধরনের অনৈতিক আচরণের মৌখিক অভিযোগ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
—জা. অর্থনীতি/এলএটি