এক বছরে ৯ ব্যাংকের কৃষিঋণে খেলাপি বেড়েছে ১০২ শতাংশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কৃষি ও পল্লি ঋণ বিতরণ বাড়লেও ৯টি ব্যাংকের কৃষিঋণে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি। এক বছরে খেলাপি কৃষিঋণ বেড়ে হয়েছে ৮৪৬ কোটি ৬২ লাখ টাকা। তবে বিতরণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। অর্থাৎ ৯ ব্যাংকের খেলাপি বেড়ে দ্বিগুণ, বিতরণের শীর্ষে ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের জুলাই ২০২৬-এর প্রতিবেদনে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ কৃষিঋণ ৪০৫ কোটি ৩ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৮৯ কোটি ৫১ লাখ টাকা-বৃদ্ধি ৯৪ দশমিক ৯৩ শতাংশ। বেড়েছে ঋণ বিতরণও ২০২৫ সালের জুলাইয়ে ৯টি ব্যাংক ৪২০ কোটি ৪৯ লাখ টাকা বিতরণ করলেও চলতি বছরের জুলাইয়ে বিতরণ করেছে ৫৭৪ কোটি ১০ লাখ টাকা এবং আদায়যোগ্য কৃষিঋণ ১ হাজার ৩৩৭ কোটি ২০ লাখ থেকে বেড়ে হয়েছে ২ হাজার ২৮৭ কোটি ৫১ লাখ টাকা। 

২০২৬-২৭ অর্থবছরে ৯টি ব্যাংকের কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ৯ হাজার ৯২২ কোটি টাকা। জুলাইয়ে বিতরণ হয়েছে ৫৭৪ কোটি ১০ লাখ টাকা, যা বার্ষিক লক্ষ্যের ৫ দশমিক ৭৯ শতাংশ। একই সময়ে পুরো ব্যাংক খাতে বিতরণ হয়েছে ২ হাজার ৬৫৮ কোটি ৩১ লাখ টাকা; এর ২১ দশমিক ৬০ শতাংশ দিয়েছে এই ৯ ব্যাংক।

জুলাইয়ে সবচেয়ে বেশি কৃষিঋণ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ-২৯২ কোটি ১৭ লাখ টাকা। আদায় করেছে ৩০২ কোটি ৯৫ লাখ টাকা এবং ঋণস্থিতি ছিল ৩ হাজার ৪৪৯ কোটি ৭৩ লাখ টাকা।

ইউসিবি বিতরণ করেছে ১২৮ কোটি ২১ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬৯ কোটি ৩৯ লাখ, এক্সিম ব্যাংক ৩৪ কোটি ৮৮ লাখ এবং শাহজালাল ইসলামী ব্যাংক ৩৪ কোটি ৬৮ লাখ টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৬ কোটি ৮২ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংক ৫ কোটি ৪৩ লাখ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ২ কোটি ৫২ লাখ টাকা বিতরণ করেছে। গ্লোবাল ইসলামী ব্যাংক কোনো কৃষিঋণ বিতরণ করেনি; তবে আদায় করেছে ৩৪ লাখ টাকা এবং ঋণস্থিতি ছিল ৭৮ কোটি ৩৫ লাখ টাকা।

অর্থাৎ কৃষিঋণ বিতরণ ও আদায় বাড়লেও খেলাপি এবং মেয়াদোত্তীর্ণ ঋণ বৃদ্ধির হার আরও বেশি। ফলে কৃষিখাতে ঋণপ্রবাহ বাড়ানোর পাশাপাশি ঋণের মান ও আদায় ব্যবস্থাপনা শক্তিশালী করাই এখন ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।  

 

—জা. অর্থনীতি/এলএটি