মক্কা নিয়ে ‘মিথ্যা প্রচারণার’ অভিযোগ, সৌদিতে হামলা বাড়াল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার জবাবে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে পবিত্র নগরী মক্কায় হামলার অভিযোগকে ‘মিথ্যা প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ের দাবি, সৌদি রাজধানী রিয়াদ ও পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ানবুতে দুটি পৃথক সামরিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়। রিয়াদের ‘সংবেদনশীল স্থাপনা’ এবং ইয়ানবুতে সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনা হামলার লক্ষ্য ছিল বলে জানান তিনি।

হুথিদের দাবি, ইয়েমেনে সৌদি বিমান অভিযান অব্যাহত থাকায় তারা পাল্টা হামলা বাড়ানোর নীতি অনুসরণ করছে। কয়েক মাস পর আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে গোষ্ঠীটি।

এর আগে রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ। রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া দেখা যায়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বায়েশ, তায়েফ, ফারাসান ও ইয়ানবুতেও হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে সৌদি পক্ষ। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের অভিযোগ, হুথিরা মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে হুথি নেতা আবদুল মালিক আল-হুথি এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘পুরোনো মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন।

হুথিদের রিয়াদ ও ইয়ানবুতে হামলার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জা.অর্থনীতি/এসআই