পারিবারিক কবরস্থানে অপ্রতিমের দাফন
ছবি: জাতীয় অর্থনীতি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জোড়া জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হাজারো শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে সবাই এক অবুঝ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

দাফন সম্পন্ন করার পর অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কান্নাজড়িত কণ্ঠে প্রশাসনের কাছে আকুতি জানিয়ে বলেন, "আমার ছেলের বয়স মাত্র ১৩ বছর। এই বয়সে কোনো অপরাধ বা প্রেমের মতো বিষয় থাকার প্রশ্নই ওঠে না। সিসিটিভি ফুটেজ দেখেই বোঝা যাচ্ছিল, কত আনন্দে সে ওদের সঙ্গে ছবি তুলতে যাচ্ছিল! আইফোন ছিনতাইয়ের জন্য আমার নিষ্পাপ ছেলেটাকে ওরা মেরে ফেলল। বর্তমান প্রশাসনের কাছে আমার একটাই চাওয়া-হত্যাকারীদের যেন দ্রুততম সময়ে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়।"

বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অনুসন্ধানের পর গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুবি সংলগ্ন সানন্দা গ্রামের পাহাড়ি টিলার জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ হত্যাকাণ্ডে পুলিশ অভিযান চালিয়ে তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়াম নামের চারজনকে গ্রেপ্তার করেছে এবং ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত আদালতে প্রতিবেদন পেশের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।  

—জা. অর্থনীতি/এলএটি