পুকুরে মিলল যুবকের মরদেহ, আটক ১
ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পুকুর থেকে কালু মিয়া (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশা মিয়া (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে ভাসমান অবস্থায় কালু মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র জানায়, নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একই এলাকার কমল উদ্দিনের ছেলে বাদশা মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

নষ্ট দুধ, তবু শিক্ষকরা বললেন—‘খেয়ে নাও, কিছু হবে না’

নিহতের বাবা মন্টু মিয়া বলেন, গতকাল সকালে মাছ ধরার কথা বলে কালু বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। 

আজ সকালে নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির মাছের পুকুরে কালুর মরদেহ ভেসে থাকার খবর পান তারা।

শ্রীবরদী থানার ওসি মো. নুরল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এনজে