নরসিংদী প্রতিনিধি: ভারতের প্রভুত্ব মেনে বাংলাদেশের জনগণ কখনো বসবাস করবে না উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, "আমরা কারও প্রভুত্বে রাজি নই, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমরা সবার সাথে বন্ধুত্ব করতে চাই। এখন একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সাথে হাত মিলিয়েছে। ওদিক থেকে হুংকার দেওয়া হয় ডিসেম্বরে দেশে ঢুকবেন, আর এখান থেকে বলা হয় ডিসেম্বরে পতন ঘটাবেন। মূলত একাত্তরের পরাজিত রাজাকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর- এই দুই পরাজিত শক্তি এখন একত্রিত হয়েছে।"
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদীর মনোহরদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মনোহরদী জোনাল অফিসের আওতাধীন ‘কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুইক রেন্টালের নামে লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছে। বর্তমানে আমাদের আটটি গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরের বায়ে মিয়ানমার ও ডানে ভারত সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করলেও ভারতকে খুশি রাখার জন্য তারা দেশে একটি নতুন গ্যাসকূপও খনন করেনি। আমরা এখন বিশ্ববাজার থেকে অধিক মূল্যে গ্যাস এনে এগুলো চালু করার চেষ্টা করছি। আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে সমুদ্রে কয়েকটি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সম্পন্ন হলে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।"
অভ্যন্তরীণ পানিসম্পদ ও তিস্তা সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, ভারত যদি ন্যায্য উপায়ে পানি বণ্টন না করে, তবে চীনের সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ নির্মাণ করে বর্ষা মৌসুমে পানি আটকে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মুমিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
—জা. অর্থনীতি/এলএটি