তাড়াইল বাজারের যানজটে ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনা
ছবি: জাতীয় অর্থনীতি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বাজারে মূল সড়কের ওপর অবৈধ অটোস্ট্যান্ড ও যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে তীব্র যানজট। অনিয়ন্ত্রিত যানবাহনের ভিড়ে অচল হয়ে পড়ছে বাজারের যোগাযোগ ব্যবস্থা, যার ফলে বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কে স্থবিরতা লেগে থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, তাড়াইল সদর বাজারের এলএসডি রোড, থানার মোড়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা, এশিয়া ব্যাংক মোড়, জাওয়ার রোড, উপজেলা পরিষদ, মাদরাসা মার্কেট ও মেইন রোডে প্রধান রাস্তার ওপরই দাঁড়িয়ে থাকছে অসংখ্য অটোরিকশা। একই সাথে যত্রতত্র মোটরসাইকেল পার্কিং, ফুটপাত দখল করে দোকানপাটের মালামাল সাজিয়ে রাখা এবং দিনের ব্যস্ত সময়ে ট্রাক লোড-আনলোড করার কারণে পুরো বাজারে অচলাবস্থা তৈরি হচ্ছে। বিশেষ করে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার হাটের দিনগুলোতে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে।

স্থানীয় ব্যবসায়ী আফতাব মিয়া, বকুল মিয়া ও মাহবুব আলম জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখার মতো নির্দিষ্ট কোনো ট্রাফিক ব্যবস্থা নেই। যত্রতত্র অটোরিকশা ও পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে টানা ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত যানজট লেগে থাকে, যা কেনাবেচায় মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।

পথচারী আবদুল কাদেরসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, চারদিক থেকে আসা যানবাহন কোনো নিয়ম না মেনে বাজারে ঢুকে পড়ে। রাস্তার ওপর অবৈধ স্ট্যান্ড গড়ে তোলায় চলাচলের কোনো উপায় থাকে না। অবিলম্বে হাট ও বাজার এলাকা যানজটমুক্ত করতে প্রশাসনের শক্ত পদক্ষেপ প্রয়োজন।

এলাকাবাসীর জোর দাবি, তাড়াইল বাজারে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন, ফুটপাত দখলমুক্ত করা এবং সুনির্দিষ্ট স্থানে অটোস্ট্যান্ড স্থানান্তর করতে হবে।

যানজট নিরসন ও জনভোগান্তি হ্রাসে গৃহীত পদক্ষেপের বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিজালা আখতার জানান, বাজারকে সুশৃঙ্খল রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে ইতিপূর্বে বৈঠক করা হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বাজারে সব ধরনের পণ্যবাহী ভারী যান প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ট্রাক প্রবেশ করালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য বলা হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, বাজারে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি