এক বাইকে চার তরুণ, জায়গা না পেয়ে বন্ধুর কাঁধে বসলেন একজন

আন্তর্জাতিক ডেস্ক: অহমদাবাদে এক বাইকে চার তরুণের বিপজ্জনকভাবে চলাচলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বাইকে গাদাগাদি করে চার তরুণ বসে আছেন। তাদের মধ্যে একজন আবার জায়গার সংকুলান না হওয়ায় অপর তরুণের কাঁধে চেপে বসেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি অহমদাবাদের এলিসব্রিজ এলাকার। ভিডিও চার তরুণকে দ্রুতগতিতে বাইক চালিয়ে যেতে দেখা যায়। তাদের কারও মধ্যেই এ ধরনের ঝুঁকিপূর্ণভাবে চলাচল নিয়ে উদ্বেগের কোনো লক্ষণ দেখা যায়নি।

সাধারণত একটি মোটরসাইকেলে চালকসহ দুজন চলাচল করতে পারেন। কিন্তু অনেক সময় অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর ঘটনা চোখে পড়ে। এলিসব্রিজের এই ঘটনায় চার তরুণ একসঙ্গে একটি বাইকে ওঠার পাশাপাশি একজনের কাঁধে আরেকজন বসে থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি এলিসব্রিজ থানার পুলিশের নজরে আসে। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে বাইকে থাকা চার তরুণকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘দ্যতত্ত্বইন্ডিয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশ করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি ঘিরে নেটাগরিকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তরুণদের এমন ঝুঁকিপূর্ণ আচরণের সমালোচনা করেন। একজন মন্তব্য করেন, এ ধরনের আচরণের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। আরেকজন প্রশ্ন তোলেন, তরুণদের প্রাণের মায়া নেই কি না।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

জা.অর্থনীতি/এসআই