নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনকারী ‘গোমতী’ বাসে হামলা, চালক ও কর্মচারীকে রক্তাক্ত মারধর, বাসের গ্লাস ভাঙচুর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুধারাম থানাধীন সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে বাসের চালক দিলীপ রবি দাস বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের আনার উদ্দেশ্যে ‘গোমতী’ বাসটি (নোয়াখালী-স-১১-০০০৯) নিয়ে কবিরহাটের দিকে যাচ্ছিলেন চালক দিলীপ রবি দাস ও পরিবহন কর্মী মো. আলাউদ্দিন। সোনাপুর জিরো পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসের কর্মচারী আলাউদ্দিনের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে অভিযুক্তরা আলাউদ্দিনকে মারধর করেন এবং হেলমেট দিয়ে আঘাত করলে তার ডান হাতের আঙুলে রক্তাক্ত জখম হয়।
পরবর্তীতে আসামিরা বাসে উঠে চালক দিলীপ রবি দাসকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে কিল-ঘুষি মারে এবং বাইকের চাবি দিয়ে আঘাত করে মুখের বাম পাশে রক্তাক্ত জখম করে। এ সময় চালকের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। জীবন বাঁচাতে চালক ও হেলপার পুনরায় বাসে উঠে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা হাত ও হেলমেট দিয়ে বাসের জানালায় আঘাত করে গ্লাস ভেঙে ফেলে, এতে আনুমানিক ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। একই সাথে মোবাইল ফোনে ছবি তুলে পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আহত বাসচালক দিলীপ রবি দাস বলেন, "অন্যায়ভাবে কথা কাটাকাটির জেরে তারা আমার হেলপার ও আমার ওপর হামলা চালায়। চাবি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার পর বাঁচতে বাসে ঢুকলে তারা বাসের দরজার গ্লাস ভেঙে ফেলে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে পুলিশের সহায়তায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, "বিশ্ববিদ্যালয়ের সরকারি কাজে বাধা ও চালককে জখমের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।"
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে হামলা ও কর্মচারীদের মারধরের ঘটনাটি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। চালক বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ দ্রুততার সাথে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।"
—জা. অর্থনীতি/এলএটি