গাছ কাটার প্রতিবাদে প্রবাসীর স্ত্রীকে রাস্তায় ফেলে নির্যাতন
ছবি: জাতীয় অর্থনীতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দখলীয় জায়গা থেকে কলাগাছ কাটার প্রতিবাদ করায় ফারহানা আক্তার (২৭) নামে এক প্রবাসী স্ত্রীকে চুলে ধরে টেনে রাস্তায় ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে তার চাচা-শ্বশুর ও চাচা-শাশুড়ির বিরুদ্ধে। 

রোববার (৪ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নির্যাতনের ৩৭ সেকেন্ডের একটি ভিডিও  ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে শনিবার দুপুরে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলীহাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার ফারহানা আক্তার ওই এলাকার সৌদি আরবপ্রবাসী কাউছার হাসানের স্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত আবুল হোসেন ফারহানার চুলে ধরে টানতে টানতে মাটিতে ফেলে দিচ্ছেন এবং মাটিতে পড়ে যাওয়ার পরও নির্যাতন চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে শনিবার অভিযুক্ত আবুল হোসেন ও তার স্ত্রী রৌশন আক্তার ফারহানার দখলীয় জায়গা থেকে কলাগাছ কেটে ফেলেন। ফারহানা প্রতিবাদ করলে আবুল হোসেন তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে শ্বাসরোধ ও মারধর করেন। এসময় রৌশন আক্তার কাঠের লাঠি দিয়ে আঘাত করে ফারহানাকে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

ভুক্তভোগী ফারহানা আক্তার জানান, দীর্ঘদিন ধরে নির্যাতন চললেও প্রমাণ না থাকায় বিচার পাননি। এবার ভিডিও প্রকাশ পাওয়ায় তিনি আইনি বিচার চান।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত আবুল হোসেনের স্ত্রী রৌশন আক্তার পারিবারিকভাবে বিষয়টি সমাধানের কথা জানান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি