জাতীয় অর্থনীতি সারাবাংলা: দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে এবং অর্থাভাবে যাতে কোনো মেধাবীর স্বপ্ন থেমে না যায় সে বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে 'সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, "অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তানরাও এ সহায়তার আওতায় আসবে। বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে কারো পড়াশোনা আটকাবে না।" তিনি জানান, প্রবাসীদের কল্যাণ ও অধিকার নিশ্চিতের পাশাপাশি সিলেট অঞ্চলে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসায় শনিবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৪৮ লাখ টাকা দেওয়া হয়েছে।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ও নূর ফাউন্ডেশনের উদ্যোক্তা মুকতাবিস উন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার সহ-সভাপতি তোফায়েল খান।
সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর জানান, আগামী এক থেকে দুই বছরের মধ্যে নূর ফাউন্ডেশনের তহবিল এক কোটি টাকায় উন্নীত করে ওয়াক্ফভিত্তিক স্থায়ী আমানত হিসেবে সংরক্ষণ করা হবে এবং তার আয় থেকে প্রতিবছর শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে অর্থ দেওয়া হবে। এছাড়া তিনি সিলেট প্রেসক্লাবকে সাততলা ভবনে রূপ দেওয়ার স্বপ্ন বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপসচিব শামসুল ইসলাম ও তোফায়েল খান শিক্ষাবৃত্তি ও সমাজসেবামূলক এই উদ্যোগের প্রশংসা করেন এবং সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ প্রবাসীদের হয়রানি বন্ধ, ট্রেনের টিকিট সংকট সমাধান এবং সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠনের দাবি জানান।
অনুষ্ঠানে ১৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এতে সিলেট প্রেসক্লাবের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের ব্যুরোপ্রধান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি