খেলাপি ঋণ কমাতে তিন মেয়াদে পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

অনলাইন ডেস্ক: ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, ঋণ আদায় জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে গতি আনা, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিয়মিত ঋণ পরিশোধের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি তিন মাস অন্তর আলোচনা করা হবে। পাশাপাশি শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে অর্থ আদায়ের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে খেলাপি ঋণ আদায়ে কার্যকর ভূমিকা রাখা ব্যাংক কর্মকর্তাদের প্রণোদনা দেওয়ার নীতিমালা প্রণয়ন করা হবে। নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের উৎসাহিত করার নীতিমালাও পর্যালোচনা ও হালনাগাদ করা হবে। দীর্ঘমেয়াদে ঋণ অনুমোদন, তদারকি, আদায় ও শ্রেণিকরণ প্রক্রিয়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ২৩৭ কোটি ৫৬ লাখ টাকা, যা মোট ঋণের ৩১ দশমিক ৪১ শতাংশ। গত ৩১ মার্চ এ পরিমাণ ছিল ৫ লাখ ৬৪ হাজার ১০৫ কোটি ৬৪ লাখ টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ১৩১ কোটি ৯২ লাখ টাকা।

এদিকে ব্যাংক খাতে সুশাসন জোরদার ও ঋণ আদায় কার্যকর করতে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৬ এবং অর্থঋণ আদালত (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়নের উদ্যোগ চলছে। পাশাপাশি দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা ও দেউলিয়াত্বসংক্রান্ত আইন আধুনিকায়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই