স্পোর্টস ডেস্ক: ফিলিপাইনের দেয়াল ভাঙতে না পেরে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। তাসখন্দে প্রথমার্ধে লড়াই জমিয়ে রাখলেও শেষ মুহূর্তে খেই হারিয়ে ৩-০ গোল ব্যবধানে হেরে মূল পর্বের রেস থেকে ছিটকে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
উজবেকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলের দারুণ জয়ে মূল পর্বে ওঠার উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ফিলিপাইনের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ফিলিপাইন।
ম্যাচের ৭৩ মিনিটে মায়ারোজ বাসকারার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালালেও রক্ষণভাগের ভুলে শেষ মুহূর্তে আরও দুই গোল হজম করতে হয়। ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে ফিলিপাইনের নোয়েল গ্রেঞ্জারের জোড়া গোল বাংলাদেশের বিদায় নিশ্চিত করে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কেটেছে ফিলিপাইন।
জা. অর্থনীতি/এআর