দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বেনাপোলে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা আট দিন বাণিজ্যিক আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে এ ছুটির মেয়াদে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে এবং বিশেষ ব্যবস্থায় ভারতে রপ্তানিযোগ্য ইলিশ খালাসের প্রক্রিয়া চালু রাখা হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাণিজ্যিক সূত্র জানায়, দুর্গাপূজা উদযাপনে ভারতের পেট্রাপোল বন্দরে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে। অপরদিকে বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ও পূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। উভয় দেশের ছুটির সমন্বয়ে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন বেনাপোল-পেট্রাপোল রুটে সব ধরনের দ্বিপক্ষীয় সীমান্ত বাণিজ্য স্থগিত থাকছে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, পূজার মৌসুমে বন্দরের স্বাভাবিক শুল্কায়ন স্থগিত থাকলেও বাংলাদেশ থেকে পূজা উপলক্ষে ভারতে পাঠানো ইলিশ মাছের চালান বিশেষ ব্যাবস্থাপনায় দ্রুত খালাসের সুব্যবস্থা রাখা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সীমান্ত বাণিজ্য বন্ধের মাঝেই ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে ইতিমধ্যে প্রবেশ করা পণ্যের ওঠানো-নামানো, শুল্কায়ন ও পণ্য খালাস প্রক্রিয়া চালু রাখা হবে। এ সময় খালাস করা ভারতীয় ফাঁকা ট্রাকগুলো স্বদেশে ফিরে যেতে পারবে।

এদিকে যাত্রী চলাচলের সার্বিক প্রস্তুতি বিষয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দীর্ঘ ছুটিতে বন্দর দিয়ে ভারতে গমনাগমনকারী যাত্রীদের চাপ বাড়তে পারে। যাত্রীদের দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশনে অতিরিক্ত পুলিশ জনবল মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বেনাপোল সীমান্ত দিয়ে দৈনিক গড়ে প্রায় ৫০০ ট্রাকে বিভিন্ন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হয় এবং প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন।

—জা. অর্থনীতি/এলএটি